প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (১১ জানুয়ারি) দুই দিনের সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় যাচ্ছেন। তাঁর নিরাপত্তাজনিত কারণে আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীরা আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখছেন। এ কারণে এবং পরদিন শুক্রবার ছুটির দিন হওয়ায় আগামী পাঁচ দিন আখাউড়া স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা সুবাস চন্দ্র কুন্ডু প্রথম আলোকে বলেন, বন্দর দিয়ে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ত্রিপুরার ব্যবসায়ীরা এক চিঠিতে বন্দর বন্ধ থাকার বিষয়টি তাঁদের জানিয়েছেন। আগে থেকে জানানোর ফলে বন্দরে রপ্তানি পণ্যবাহী কোনো ট্রাক আটক থাকছে না।