আখাউড়ার দুই গ্রামে হামলা, আহত ১৮
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি গ্রামের একদল লোক গতকাল মঙ্গলবার আখাউড়া পৌর শহরের খড়মপুর ও টানপাড়া গ্রামে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৮ জন আহত হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ চান্দি গ্রামের দুই ব্যক্তিকে আটক করেছে।পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও আটটি ফাঁকা গুলি ছুড়েছে। খড়মপুর মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ প্রথম আলোকে বলেন, আখাউড়ার খড়মপুর মাজারসংলগ্ন তিতাস নদীর অপর পার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি গ্রামের প্রায় এক হাজার মানুষ নৌকাযোগে খড়মপুরে আসে। তাদের সবার হাতে ছিল লাঠিসোঁটা, দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। তারা গ্রামে ঢুকে হামলা চালায়। তিনি বলেন, পুলিশ ধাওয়া করলে হামলাকারীরা ঢাকা-সিলেট বাইপাস রেললাইনে উঠে যায়। পরে তারা সেখান থেকে বৃষ্টির মতো পাথর ছুড়তে থাকে। এ কারণে পুলিশকে আটটি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।পুলিশ সূত্র জানায়, সোমবার খড়মপুরের কাজী ফিরোজ প্লাজার ‘আল মদিনা কসমেটিকস ও হারবাল সেন্টার’ নামের দোকানে জুতা কেনা নিয়ে দোকানের মালিক জাহের মিয়ার সঙ্গে টানপাড়া গ্রামের আল জাহানের (২৮) কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় জাহের মিয়া সেদিনই আখাউড়া থানায় মামলা করেন। জাহের মিয়ার বাড়ি চান্দি গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই ঘটনার জের ধরে গতকাল দুপুরে চান্দি গ্রামের প্রায় এক হাজার লোক নৌকাযোগে আখাউড়ায় এসে এ হামলা চালায়। এ ঘটনার পর থেকে খড়মপুর-ব্রাহ্মণবাড়িয়া নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।হামলার ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে আল আমিন (২৫), আলন মিয়া (৬০), মো. শফিক (৩৬), এ্যাপোলো খাদেম (৩৮), ফুরকান খাদেম (৩০) ও সাইফুল ইসলামকে (৩০) আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা খড়মপুর ও টানপাড়ার বাসিন্দা। গুরুতর আহত টানপাড়া গ্রামের মিজান মিয়াকে (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র জানায়, আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, হামলাকারীরা খড়মপুর ও টানপাড়া গ্রামের ১০টি দোকান এবং বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তারা একটি মৎস্য প্রকল্পের বাঁধ কেটে তিতাস নদীর সঙ্গে মিশিয়ে দিয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।