প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তাঁর অপরাধ তদন্তে গতকাল শনিবার আখাউড়ায় আসে পাঁচ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তদন্ত দলের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে সরেজমিনে ১৯৭১ সালে ক্ষতিগ্রস্তদের সাক্ষ্য নেন। দলের কর্মকর্তা শ্যামল চৌধুরী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মোবারকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তদন্ত দল এর প্রমাণ পেয়েছে।’ সম্প্রতি মোবারক জামিনে ছাড়া পেয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় তাঁর এক আত্মীয়ের আশ্রয়ে আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।