আখাউড়ায় আট হাজার ইয়াবা ও অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে আট হাজার পিস ইয়াবা, ১৭ কেজি গাঁজা ও ভারতীয় আমদানি-নিষিদ্ধ ৪৩ বোতল রিকোডেক্স সিরাপ এবং ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা ও মাদক বহনের অভিযোগে আটক করা হয় এক নারীসহ তিনজনকে। গতকাল শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক করা ব্যক্তিরা হলেন কুমিল্লার আয়েশা বিলকিছ (৩২), ব্রাহ্মণবাড়িয়ার আবু ইসলাম (৩৫) ও শামীম মিয়া (৩৫)।র্যাব-৯ ভৈরব ক্যাম্প থেকে জানানো হয়, তাঁদের কাছে খবর ছিল ঢাকাগামী আন্তনগর মহানগর গৌধূলী এক্সপ্রেস ট্রেনে করে ইয়াবাসহ মাদকের একটি বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে। গোয়েন্দা তত্পরতায় তথ্যটির সত্যতা পাওয়ার পর র্যাবের একটি দল রাত ১০টার দিকে আখাউড়া স্টেশনে অবস্থান নেয়। ট্রেনটি সোয়া ১০টার দিকে আখাউড়া স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় ট্রেনের সব কামড়ায় তল্লাশি চালানো হয়। পরে কামড়ার ভেতরে আয়েশা বিলকিছ নামের এক নারীর কাছ থেকে ইয়াবার চালানটি পাওয়া যায়। একই দিন আখাউড়ার আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। শহরের শামীম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া যায় ৪৩ বোতল রিকোডেক্স সিরাপ ও ৩৭ বোতল ফেনসিডিল। এ ঘটনায় শামীম মিয়াকে আটক করা হয়। পরে একই এলাকার আবু ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ কেজি গাঁজা ও ৩৩ বোতল ফেনসিডিল। পরে অভিযান চলে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার মেরেসানি গ্রামের ইকবাল হোসেনের বাড়ির রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় একটি বিদেশি রিভলভার। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।এ ঘটনায় শুক্রবার রাত ১২টায় র্যাব-৯-এর উইং কমান্ডার মো. মোফাজ্জল হোসেনের উপস্থিতি ভৈরব ক্যাম্পে সংবাদ সম্মেলন করা হয়। শুক্রবার রাতে উদ্ধার করা ইয়াবাসহ মাদকদ্রব্যের বাজারমূল্য হবে ২৫ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা হবে বলে র্যাব দাবি করছে।অভিযুক্ত আয়েশা বিলকিছ বলেন, ‘ইয়াবার চালানটি আমার ঢাকার বিমানবন্দর স্টেশন পর্যন্ত বহনের দায়িত্ব ছিল। এরপর কারা আমার কাছ থেকে ইয়াবা বুঝে নিত তা আগ থেকে জানা ছিল না।’