আখাউড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি শেখ সিরাজুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, চাঁদাবাজি ও পুকুরে বিষ ঢেলে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগে ধরখার ইউনিয়নের ফছির উদ্দিন চৌধুরী ২২ নভেম্বর থানায় মামলা করেন। এতে ইউপি চেয়ারম্যান সিরাজুলসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। এই মামলায় সিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে সিরাজুলকে গ্রেপ্তারের পর কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার ধরখার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধরখার ফাঁড়ির পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।ইউপি চেয়ারম্যান সিরাজুল বা তাঁর পক্ষে কারও বক্তব্য পাওয়া যায়নি।