আখাউড়ায় উত্ত্যক্ত করায় পাঁচ ছাত্র বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করায় অভিযোগে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের পাঁচ ছাত্রকে বহিষ্কার করা হয়েছ। গত বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত পাঁচ ছাত্র হচ্ছে হিমু মিয়া, আলকাছ মিয়া, নূরে আলম, হামীম মিয়া ও রানা মিয়া। এরা ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এদের মধ্যে হিমু নামের এক ছাত্রকে স্থায়ীভাবে এবং তার সহযোগী অপর চারজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরা বিদ্যালয়ে আসতে পারবে না। আগামী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে। হিমু পরীক্ষায় অংশ নিতে পারবে না।
বিদ্যালয় সূত্র জানায়, আসা-যাওয়ার পথে প্রায়ই হিমুসহ কয়েকজন ছাত্রীদের উত্ত্যক্ত করত। বিষয়টি তাদের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার না পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়। একপর্যায়ে শিক্ষকেরা তাকে এ কাজ থেকে বিরত থাকতে বলে। তাদের কথা অমান্য করে সে সম্প্রতি এক ছাত্রীকে উত্ত্যক্ত করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, অনেকবার ভালো হওয়ার সুযোগ দেওয়া হলেও হিমু ভালো হয়নি। বাধ্য হয়ে শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লোকজন সভা করে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। সভায় আরও চারজনকে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।