আখাউড়ায় এক বাড়িতে তালা আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাড়ি বিক্রিতে রাজি না হওয়ায় একটি হিন্দু পরিবারে হামলা চালিয়ে বাড়িতে তালা লাগিয়ে দিয়েছেন এক প্রতিবেশী ও তাঁর লোকজন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আখাউড়া পৌর শহরের রাধানগরের শীলপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।ভুক্তভোগী পরিবারের গৃহকর্ত্রী নিশু ঘোষের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে তাঁর এ বাড়িতে আছেন। সম্প্রতি প্রতিবেশী জিতু মিয়া তাঁর কাছে বাড়িটি বিক্রির জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি এতে অস্বীকৃতি জানান। এর পর থেকে জিতু ও তাঁর লোকজন ভয়ভীতি দেখানো শুরু করেন। গতকাল সকালে জিতুর নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র ব্যক্তি বাড়িতে হামলা চালান। তাঁরা তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দেন। এ ছাড়া আসবাব ভাঙচুর ও নগদ টাকা লুটের পর বাড়িতে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাঁরা পালিয়ে যান। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনায় জড়িত সন্দেহে বাছির মিয়া (৩০) নামের একজনকে আটক করা হয়েছে।