আখাউড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নয়াদিল গ্রামে শ্বশুরবাড়ি থেকে রুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গতকাল সোমবার বেলা তিনটায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। রুমার ভাই জাহের মিয়া দাবি করেছেন, তাঁর বোনকে হত্যা করা হয়েছে।গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়াদিল গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে জসীম মিয়ার (৩০) সঙ্গে প্রায় ছয় বছর আগে ভাটামাথা গ্রামের মৃত মতি মিয়ার মেয়ে রুমার বিয়ে হয়। গতকাল সোমবার বেলা তিনটার দিকে রুমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন প্রচার করেন। তবে রুমা ওই বাড়ির কোন স্থানে ফাঁস লাগিয়েছেন, আশপাশের বাড়ির লোকজনও তা জানে না।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, বিকেলে ওই গৃহবধূকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। গৃহবধূর সঙ্গে থাকা লোকজন জানিয়েছেন, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ফাঁসের কোনো লক্ষণ তাঁর শরীরে ছিল না।রুমার ভাই জাহের মিয়া প্রথম আলোকে বলেন, রুমা তাঁদের বাড়িতে ছিলেন। শনিবার দুপুরে রুমার স্বামী জসীম মিয়া তাঁকে নিয়ে আসেন। সোমবার বিকেলেই তাঁর বোন আত্মহত্যা করেছেন বলে লোক মারফতে জানতে পারেন। তবে তাঁর বোনের স্বামীর বাড়ির পক্ষে রাত আটটা পর্যন্ত তাঁদের কিছুই জানানো হয়নি। তাঁর দাবি, তাঁর বোনকে হত্যা করা হয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাতটায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।