আখাউড়ায় গ্যাস-সংযোগের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংযোগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল রোববার সকালে মিছিল ও সমাবেশ হয়েছে। একই দাবিতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। আখাউড়া সচেতন নাগরিক ফোরাম এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আখাউড়া পৌর শহরের মোটরস্ট্যান্ড থেকে একটি মিছিল উপজেলা পরিষদে গিয়ে ইউএনওর কাছে স্মারকলিপি দেয়। পরে মোটরস্ট্যান্ডে আখাউড়া সচেতন নাগরিক ফোরামের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন, মুসলেহ উদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধা জজ মিয়া, আখাউড়া জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম হেলাল প্রমুখ। সমাবেশে জয়নাল আবেদিন বলেন, গ্যাস-সংযোগ পাওয়া আখাউড়াবাসীর অধিকার। আগামী সাত দিনের মধ্যে গ্যাস-সংযোগের ঘোষণা দিতে হবে। তা না হলে রমজান মাসের পর রেলপথ অবরোধ ও আখাউড়া স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর দেওয়া ওই সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, তিতাস পাড়ের আখাউড়া থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে তিতাস গ্যাসের উৎপত্তিস্থল। আখাউড়া দেশের একটি গুরুত্বপূর্ণ জনপদ। তিতাস নদী থেকে গ্যাস উত্তোলনের সময় থেকেই আখাউড়ার মানুষকে গ্যাস-সংযোগের আশ্বাস দেওয়া হচ্ছে। বিগত সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের স্থানীয় প্রার্থীর প্রধান নির্বাচনী অঙ্গীকারও ছিল আখাউড়ায় গ্যাস-সংযোগ দেওয়া।