আখাউড়ায় গ্রামবাসী ও বালু ইজারাদারের পাল্টাপাল্টি ধাওয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় গতকাল সোমবার বালিয়াজুড়ি নদ থেকে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসী ও বালু উত্তোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।গ্রামবাসী জানায়, বালিয়াজুড়ি নদের পারে নৌকা ঘাটের (গুদারা ঘাট) উত্তর-দক্ষিণ ও পূর্বে অনেক কৃষকের জমি রয়েছে। সম্প্রতি এক ইজারাদার বালু উত্তোলনের ইজারা নিয়ে বর্ষার পানিতে ডুবে যাওয়া এ নৌকা ঘাট ও এর আশপাশের জমি থেকে অবৈধভাবে বালু তোলা শুরু করে। এ ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো কাজ হয়নি। স্থানীয় লোকজন জানান, ক্ষুব্ধ গ্রামবাসী গতকাল দুপুরে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ জানাতে গেলে ইজারাদারের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। বিকেলে সাত গ্রামের মানুষ একত্র হয়ে পাল্টা ধাওয়া করলে ইজারাদারের লোকজন ড্রেজার নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসী ইজারাদারের লোকজনের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।ইজারাদার আল-আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা ভূমি কার্যালয়ের দেখিয়ে দেওয়া নদীর মধ্য থেকে তিনি বালু তুলছিলেন। কিন্তু এলাকার কিছু স্বার্থপর লোককে টাকা না দেওয়ায় তারা হামলা চালিয়েছে।উপজেলার সহকারী কমিশনার ভূমি জহিরুল ইসলাম বলেন, আজমপুরে ২৫ একরের একটি বালু মহাল আছে। জেলা প্রশাসন সেটি ইজারা দিয়েছে। নৌকাঘাট ও জমি থেকে বালু উত্তোলন করা হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।