আখাউড়ার ভারত সীমান্তবর্তী রাজাপুর, আমোদাবাদ ও আজমপুর গ্রামের প্রায় ৩০০ মানুষের নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার আখাউড়ায় রেলপথ অবরোধ করা হয়। রেললাইনের পাথর ছুড়ে থামিয়ে দেওয়া হয় একটি আন্তনগর ট্রেন। এ কারণে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টার দিকে ওই তিনটি গ্রামের কয়েক শ মানুষ আজমপুর রেলস্টেশনে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ করে। প্রতিবাদকারীদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনটির ইঞ্জিন ও কয়েকটি বগির কাচ ভেঙে যায়। আহত হন কয়েকজন যাত্রী। প্রায় এক ঘণ্টা ট্রেনটি অবরুদ্ধ ছিল। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় গ্রামবাসী অবরোধ তুলে নিলে বেলা ১১টার দিকে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও গ্রামগুলোর লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩১ জুলাই উপজেলার রাজাপুর গ্রামের কামাল চৌধুরী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করতে তাঁর বাড়িতে যায় আজমপুর ফাঁড়ির বিজিবি। এ সময় গ্রামের লোকজন বাধা দিলে বিজিবির সদস্যরা ফাঁড়িতে চলে যান। ১ আগস্ট আজমপুর বিজিবি ফাঁড়ির নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে হাতকড়াসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় একজন নারী ইউপি সদস্যসহ ৩৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নিরীহ গ্রামবাসীকে অভিযুক্ত করায় ক্ষুব্ধ হয় গ্রামের সাধারণ মানুষ। তারা ঘটনার প্রতিবাদ জানাতে সঞ্চারকলিপি নিয়ে আখাউড়ায় আসার ঘোষণা দেয়। এই খবরে আখাউড়া থেকে আজমপুর যাওয়ার সড়কে বিজিবি অবস্থান নেয়। তারা এই পথে চলাচলকারী যানগুলোতে তল্লাশি শুরু করে। এ অবস্থায় জড়ো হওয়া গ্রামবাসী আজমপুর রেলস্টেশনের দিকে এসে রেলপথ অবরোধ করে। খবর পেয়ে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌরসভার মেয়র তাকজিল খলিফা ও উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান ভূঁইয়া রেলস্টেশনে আসেন। তাঁরা রেলপথ অবরোধ ছেড়ে দিতে অনুরোধ করলে প্রতিবাদকারীরা বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের অপসারণ ও গ্রামবাসীর নামে করা মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানান। একপর্যায়ে জনপ্রতিনিধিরা তিন দিনের মধ্যে তাঁদের দাবি পূরণের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়। এ বিষয়ে আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, সীমান্তে চোরাচালান হয়। কিন্তু মিথ্যা মামলায় সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। অনেকগুলো ঘটনার পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করেছে গ্রামের লোকজন একত্র হয়ে। উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান ভূঁইয়া বলেন, ‘সীমান্তে বসবাসই ওই মানুষগুলোর অপরাধ। মাদকের বিরুদ্ধে যে গ্রামের মানুষগুলো রাত জেগে পাহারা দেয়, যাদের সহায়তায় বিজিবি মাদক ধরে তাদেরই বিজিবি আসামি করেছে।’ এ বিষয়ে বিজিবি ১২ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর শাহজাহান প্রথম আলোকে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে বিজিবি ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিজিবি সবসময় জনগণের পাশে আছে। তাদের সঙ্গে সমন্বয় করেই বিজিবি কাজ করে এবং করে যাবে। তবে মামলা প্রত্যাহারের বিষয়ে উপ-অধিনায়ক কোনো মন্তব্য করেননি।