আখাউড়ায় ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওমর ফারুকসহ সাতজন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম ও তাঁর দুই ভাইকে তাঁরা মারধর করেন বলে শরীফুল এই অভিযোগ করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, শরীফুলের দেওয়া অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলা তালিকাভুক্ত করা হবে।অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার বেলা একটার দিকে উপজেলা পরিষদ ভবনে ওমর ফারুক ও তাঁর সহযোগীরা শরীফুল ও তাঁর দুই ভাইকে ‘জামায়াতের চর’ আখ্যা দিয়ে মারধর করেন। ঘটনাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন এবং আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নূরুল হক ভূঁইয়ার সামনেই ঘটে। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শরীফুল ও তাঁর ভাইদের পুলিশ পাহারায় গ্রামের বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। পথে ফারুক ও তাঁর সহযোগীরা আবার তাঁদের মারধর করেন। শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোববারের ঘটনার পর তিনি আতঙ্কে আছেন। শেখ বোরহান উদ্দিন বলেন, তাঁর সামনে এ ধরনের কোনো মারধরের ঘটনা ঘটেনি। যা ঘটেছে, উপজেলা পরিষদ ভবনের বাইরে। এ নিয়ে তাঁরা মীমাংসায় বসবেন। শরীফুল ও তাঁর ভাইদের মারধর করার অভিযোগ অস্বীকার করে ওমর ফারুক বলেন, যে ঘটনা ঘটেছে, তা নিয়ে থানা-পুলিশ করে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে ‘জামায়াতের চর’ শরীফুল।