আখাউড়ায় জেনারেটরের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উৎপল সাহা (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত আটটার দিকে পৌর শহরের সড়ক বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
পেশায় ইলেকট্রিশিয়ান উৎপল সাহা শহরের রাধানগর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উৎপল সন্ধ্যা সাতটার পর উৎসব নামে ওই কমিউনিটি সেন্টারের ষষ্ঠ তলায় বৈদ্যুতিক তারের কাজ করছিলেন। সঙ্গে তাঁর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সুজন সাহাও ছিল।
এ সময় বিদ্যুৎ ছিল না। জেনারেটরের বিদ্যুতের তার ছড়িয়ে-ছিটিয়ে ছিল। সেগুলোতে অনেক জোড়াতালি ছিল। এর একটি তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে লোকজন উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপরে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।