আখাউড়ায় ট্রেন ছাড়তে ১৩ ঘণ্টা দেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া রেলস্টেশনে গত রোববার একটি ট্রেন ছাড়তে ১৩ ঘণ্টা দেরি হওয়ায় যাত্রীরা বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের লাঠিপেটায় সাতজন যাত্রী আহত হন। রেলওয়ে সূত্র ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বেলা তিনটার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ (বাহাদুরাবাদ) এক্সপ্রেস ট্রেন আখাউড়া স্টেশনে পৌঁছায়। এরপর যাত্রীরা ট্রেনটি ছাড়ার জন্য অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, ট্রেনের চালক নেই। রাত ১১টা দিকে যাত্রীরা সহকারী স্টেশন মাস্টারের কক্ষ অবরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি আখাউড়া স্টেশনে আসার পর বাহাদুরাবাদ ট্রেনের ক্ষুব্ধ যাত্রীরা ওই ট্রেনের চালককে নামিয়ে আনার চেষ্টা করেন। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নেন। তবে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন চৌধুরী যাত্রীদের লাঠিপেটা করার কথা অস্বীকার করেন। ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) তৌফিক আহমেদ চৌধুরী বলেন, যে চালক ট্রেনটি নিয়ে আসেন, তাঁর দায়িত্ব ছিল আখাউড়া পর্যন্ত। পাহাড়িকা এক্সপ্রেসের চালকের ওই ট্রেনটি নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কুমিল্লায় দুর্ঘটনার কারণে পাহাড়িকাও অনেক দেরিতে আসে।আখাউড়া স্টেশনের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) মনোরঞ্জন মল্লিক বলেন, চালক-সংকটের কারণে প্রায় ১৩ ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।