আখাউড়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, নতুন ইঞ্জিন ক্ষতিগ্রস্ত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন ইয়ার্ড-সংলগ্ন গেটবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাত তিনটার পর এ ঘটনা ঘটে।তবে লেভেল ক্রসিংয়ের রেললাইনে থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় রেলওয়ের একটি নতুন ইঞ্জিনের ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ভোররাত তিনটার পর ঢাকা মেট্রো ট-১৬-৫০৮০ নম্বরের একটি ট্রাক লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যায়। এর কিছু সময় পর ঢাকা থেকে চট্টগ্রামগামী রাতের আন্তনগর তূর্ণানিশীথা টেনটি রেললাইন ধরে আসতে থাকে। এ অবস্থায় ট্রাকের চালক ও তাঁর সহযোগী ট্রাক থেকে নেমে সরে যান।আখাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার বলেন, ট্রাকটি রেললাইনে আটকে ছিল। এর সঙ্গে চলন্ত ট্রেনটির ধাক্কা লাগে। ট্রেনের একটি চাকা রেললাইন থেকে সরে গেলেও চলন্ত অবস্থায় আবার রেললাইনে উঠে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম যান্ত্রিক বিভাগ সূত্রে জানা গেছে, রেলওয়ের ইঞ্জিন-সংকট দূর করতে সম্প্রতি নয়টি নতুন ইঞ্জিন সংযোগ করা হয়। এর প্রতিটির মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এর মধ্যে ২৯২৬ নম্বরের ইঞ্জিনটি ঢাকা-চট্টগ্রাম রেলপথে মাত্র চতুর্থবার চলার সময়েই ক্ষতিগ্রস্ত হলো।রেলওয়ে চট্টগ্রামের পাহাড়তলী শেডের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা হাসান আহাম্মদ খান প্রথম আলোকে বলেন, নতুন ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল (আজ) শনিবার এটি মেরামতের জন্য রেলওয়ের ওয়ার্কশপে আনা হবে।আখাউড়া রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, রেলপথের ওপর দিয়ে সড়ক বিভাগের যেসব গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, এর মধ্যে আশুগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৭৬টি লেভেল ক্রসিং অবৈধ। এগুলোতে কোনো গেট নেই। এর মধ্যে গঙ্গাসাগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ অত্যন্ত জরুরি। এ দুই এলাকা দিয়ে প্রতিদিন আখাউড়া স্থলবন্দরের পথে রপ্তানি ও ট্রানজিট পণ্যবোঝাই শতাধিক ট্রাক, বাংলাদেশ ও ভারতের দুটি আন্তর্জাতিক যাত্রীবাহী বাসসহ ছোট-বড় প্রায় এক হাজারের মতো যান চলাচল করে।এ দুটি লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক ও রেল—এ দুই বিভাগে রশি টানাটানি চলল প্রায় ১০ বছরের বেশি সময়। আর এ কারণেই গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিংগুলোতে প্রতিনিয়ত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।