আখাউড়ায় দলিত সম্প্রদায়ের প্রথম প্রার্থী ক্ষেত্রমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়ার কৌড়াতলী ঋষিপাড়ার দলিত সম্প্রদায়ের লোকদের কদর বাড়ে নির্বাচন এলে। এই পাড়ায় ভোট প্রায় ৪০০। কিন্তু নির্বাচন শেষে পাড়ার সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা আন্তরিকভাবে এগিয়ে আসেন না বলে পাড়ার বাসিন্দাদের অভিযোগ। আর এ কারণে এবারই প্রথম দলিত সম্প্রদায় নিজেদের মধ্য থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী দিয়েছে।
ক্ষেত্রমোহন ঋষি দাস। বয়স প্রায় ৬০ বছর। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আখাউড়া উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে এবার প্রার্থী হয়েছেন। ইউনিয়নের আদি বাসিন্দাদের অন্যতম ঋষি সম্প্রদায় থেকে এর আগে কোনো নির্বাচনে কেউ প্রার্থী হননি।
কৌড়াতলীর বাসিন্দা কৃষক আবদুল মতিন বলেন, ঋষিপাড়ার মানুষ শান্তিপ্রিয়। তারা জোটবদ্ধ।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হান্নান ভূঁইয়া গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়নে ঋষি সম্প্রদায়ের মধ্যে ক্ষেত্রমোহন ঋষি দাস এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন।
একই ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক নাসির উদ্দিন বলেন, ‘পিছিয়ে থাকা এই সম্প্রদায়ের মধ্য থেকে ক্ষেত্রমোহন ঋষি দাস এগিয়ে এসেছেন। এটা আরও আগেই দরকার ছিল। এর মধ্য দিয়ে দলিত সম্প্রদায় আমাদের জানিয়ে দিয়েছে, তারা সমাজের আলাদা কেউ নয়।’
৬ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৬০০। আর ঋষিপাড়ায় দলিল সম্প্রদায়ের লোকদের ভোট প্রায় ৪০০। সুষ্ঠুভাবে ভোট হলে এই প্রার্থীর জয় প্রায় নিশ্চিত বলে মনে করেন ঋষিপাড়ার ললিত ঋষি দাস।
ক্ষেত্রমোহন ঋষি দাস বলেন, ‘আমার সম্প্রদায়ের ভোটাররা নির্বাচন করার সাহস দিয়েছেন। এটা শুরু হলো। আমরা নিজেদের পাশাপাশি অন্যের সুখ, দুঃখ আর সমস্যার কথাও বলতে পারব।’ নিজের সম্প্রদায়কে এগিয়ে নিতেই তিনি প্রার্থী হয়েছেন বলে জানালেন।
৭ মে চতুর্থ ধাপে আখাউড়ার পাঁচটি ইউনিয়নে নির্বাচন হবে। এর মধ্যে আখাউড়া উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্যপদে ক্ষেত্রমোহনসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।