আখাউড়ায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে রুহুল আমিন নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ছয়জন। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।জানা গেছে, পৌর শহরের শান্তিনগর গ্রামের বাসিন্দা রুহুল আমিন এবং মোছা মিয়া প্রতিদিন আখাউড়া থেকে মাছ কিনে কুমিল্লায় নিয়ে বিক্রি করতেন। বরাবরের মতো গতকাল ভোরেও তাঁরা মাছ নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন। পথিমধ্যে লভ্যাংশের ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।সকাল সাড়ে ১০টার দিকে শান্তিনগর গ্রামে ফিরে আবারও তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাঁদের সঙ্গে বেশ কয়েকজন যুক্ত হন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে রুহুল আমিন, তাঁর ছোট ভাই তৈয়ব মিয়া, রুবেল ও তাঁদের বাবা আবদুল জলিল; অপর পক্ষের মোছা মিয়া, ইউসুফ ও সুজন মিয়া আহত হন।রুহুল আমিনকে ঢাকায় নেওয়ার পথে বিকেলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের লোকজন রাত সাড়ে আটটা নাগাদ থানায় আসেনি।