আখাউড়ায় দুর্বৃত্তদের হামলায় একই পরিবারে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার গ্রামে গত রোববার রাতে দুর্বৃত্তদের হামলায় নারীসহ একই পরিবারের সাতজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন গৌরাঙ্গ কর্মকার, রিনা কর্মকার, দুলাল কর্মকার, স্বপন কর্মকার, সজল কর্মকার, নীলকান্ত কর্মকার ও ববি রানী কর্মকার। গুরুতর আহত নীলকান্ত কর্মকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।গ্রামবাসী জানান, রাত দেড়টার দিকে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কর্মকার বাড়িতে হামলা চালায়। এতে সাতজন আহত হন। এ ছাড়া তাঁদের আটটি ঘরে ভাঙচুর চালানো হয়।নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক ব্যক্তি জানান, স্বপন কর্মকারের স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার ও তাঁর চার সন্তান প্রায় দেড় বছর আগে নিখোঁজ হন। ওই ঘটনার পর আখাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বপন কর্মকার। এতে উল্লেখ করা হয়, গ্রামের বাসিন্দা অহিদ মিয়া তাঁদের অপহরণ করেছেন। সর্বশেষ দুই সপ্তাহ আগে স্বপন কর্মকার অহিদ মিয়াসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন। এর জের ধরে সম্ভবত এ হামলার ঘটনা ঘটেছে।ধরখার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শওকত আলী জানান, হত্যাচেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।