আখাউড়ায় দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশ পৌর শহরের কুমারপাড়া এলাকার এক কর্মকারের দোকান থেকে গতকাল রোববার দুপুরে আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অস্ত্রগুলো হচ্ছে তিনটি রাম দা, দুইটি বড় ও তিনটি মাঝারি আকারের ছোরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের মো. ইব্রাহীম (২৮) ওই কর্মকারের দোকানে অস্ত্রগুলো তৈরি করতে দিয়েছিলেন। ওই দোকান থেকে পুলিশ ইব্রাহীমকে গ্রেপ্তার এবং রামদা ও ছোরা তৈরির অপরাধে দোকানি উত্তম কর্মকারকে (৪০) আটক করেছে। থানার পুলিশ সূত্রে জানা গেছে, তিতাস নদীর পানি কমছে। নদী ও বিলে মাছ ধরতে আখাউড়া পৌরসভার শেষ সীমানা ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের দুইটি পক্ষ সক্রিয়। এদের মধ্যে গ্রেপ্তার হওয়া মো. ইব্রাহীম ও একই গ্রামের মো. মহসীন অস্ত্রগুলো কর্মকারের কাছে বানাতে দেয় ছয় থেকে সাত দিন আগে। উদ্ধার করা একটি রাম দা ৩২ ইঞ্চি ও অপর দুইটি ৩০ ইঞ্চি লম্বা। এ ছাড়া বড় দুইটি ছোরা ৩০ ইঞ্চি ও মাঝারি তিনটি ২০ থেকে ২৪ ইঞ্চি লম্বা। দেশীয় এই অস্ত্রগুলোর মাথা ধারালো। এ ঘটনায় আখাউড়া থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, তিতাস নদী ও পাশের বিল দখল নিয়ে ঝগড়া হতে পারে বলে পুলিশের কাছে খবর রয়েছে।