আখাউড়ায় দোকান দখল নিয়ে সংঘর্ষ, আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে একটি দোকানঘর দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দফায় দফায় দুপুর একটা পর্যন্ত এ সংঘর্ষ চলে।সংঘর্ষকালে পৌর শহরের সড়ক বাজার, লাল বাজার, খড়মপুর সড়ক, বিভিন্ন পাড়ার দোকানপাট ও কাঁচাবাজার বন্ধ হয়ে যায়। রেলস্টেশন চত্বর ও স্টেশনের রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে লোকজন ভোগান্তিতে পড়ে।আখাউড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর শহরের মায়াবী সিনেমা হলের দক্ষিণ পাশে সিঅ্যান্ডবি খালের ওপর নির্মিত একটি দোকানঘর নিয়ে রিকশাশ্রমিক ইউনিয়ন ও নূরপুর গ্রামের বাসিন্দা চায়ের দোকানি সাইফুল ইসলামের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। গত সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মানিক মিয়া লোকজন নিয়ে রিকশাশ্রমিক ইউনিয়নের পক্ষে ঘরটির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ওই দিন থেকে দোকানঘরটি নিয়ন্ত্রণে নেয়। ঘরটির দখল নিয়ে আবারও সংঘর্ষ হতে পারে, এমন খবরে গত বৃহস্পতিবার রাতে আখাউড়ায় আসেন সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) নিকুলিন চাকমা। গতকাল ভোরে আরও এক প্লাটুন পুলিশ ওই দোকানঘরটির সামনে অবস্থান নেয়।জানা গেছে, সকাল নয়টার দিকে মানিক মিয়ার গ্রামের বাড়ি তারাগন থেকে পাঁচ শতাধিক লোক রামদা, কিরিচ, চাপাতি, লাঠি, হকিস্টিকসহ মিছিল নিয়ে শহরে ঢোকে। তারা শহরের সড়ক বাজারে সাইফুলের বড় ভাই জামাল চৌধুরীর দোকানে ভাঙচুর চালায়। বাজারের কয়েকটি দোকান ও পৌরসভা কার্যালয়ের সামনে পৌর মেয়র মো. নূরুল হক ভূঁইয়ার জিপগাড়ি ও রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানেও ভাঙচুর চালানো হয়। হামলা ও ভাঙচুরের খবর পেয়ে সাইফুলের পক্ষে নূরপুর ও নারায়ণপুর গ্রামের লোকজন সড়ক বাজারে ঢোকে। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনি, আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, পুলিশ সদস্য মো. মারুফুল ইসলাম, মো. আরিফ উল্লাহ, মো. হুমায়ুন কবির ও আনসার সদস্য আলী আজগর, স্থানীয় সাংবাদিক সমীর চক্রবর্তীসহ কমপক্ষে ৪০ জন আহত হন।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।