ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শেখ নাহিদা সুলতানাকে (২৭) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সম্প্রতি থানায় আসা ময়নাতদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়। ২ মে আখাউড়া পৌরশহরের চন্দনসার এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই সময় ঘটনাটি রহস্যজনক বলে জানায় পুলিশ। তবে নিহত নাহিদার বাবা আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন দাবি করেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর অপমৃত্যুর মামলাটির কার্যক্রম স্থগিত করা হয়। নাহিদার বাবা একটি অভিযোগ দিলে থানায় হত্যা মামলা রুজু হয়। এজাহারে বাদী উল্লেখ করেন, বাদীর রাজনৈতিক ও সামাজিক উত্থানে ঈর্ষান্বিত হয়ে বা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার তথ্য পাওয়ার পর পুলিশ জোর তদন্ত করছে।