আখাউড়ায় প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিলেন মুক্তিযোদ্ধা
কয়েকজন শ্রমিককে মারধর করছিলেন তিন ব্যক্তি। দেখে চুপ থাকতে পারেননি মুক্তিযোদ্ধা সামসু মিয়া (৬৫)। তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিন ব্যক্তি হাত তোলেন ওই মুক্তিযোদ্ধার গায়েও। অভিযোগ উঠেছে, তাঁদের মারধরে মারা গেছেন সামসু মিয়া। গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া বাজারে। নিহত মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জাংগাল আলগাবাড়ি গ্রামে। তিনি মোগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে মোগড়া বাজারের দক্ষিণ পাশের সড়কে থামানো একটি ট্রাক থেকে মালামাল নামাতে যান কয়েকজন শ্রমিক। ওই সময় ট্রাক রেখে রাস্তা বন্ধ করার অভিযোগে শ্রমিকদের গালাগাল ও মারধর করেন সড়কের পাশের বাড়ির মো. ইকবাল মিয়া (৩০), শাহ আলম মিয়া (২৮) ও ভুট্টু মিয়া (২৬)। সম্পর্কে তাঁরা ভাই।মুক্তিযোদ্ধা সামসু মিয়া এর প্রতিবাদ করলে তাঁকেও মারধর করেন তাঁরা। একপর্যায়ে ভুট্টু মিয়া কনুই দিয়ে সামসু মিয়ার বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক মো. আবুল খায়ের মিয়া বলেন, কিছু বুঝে ওঠার আগেই তিন ভাই প্রথমে তাঁকে মারধর করতে থাকেন। এ সময় সামসু মিয়া প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। পুলিশ সামসু মিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন বলেন, এ ঘটনায় নিহত সামসুর ছেলে জাহের মিয়া বাদী হয়ে ওই তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তবে এখনো তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।