আখাউড়ায় প্রথম আলো প্রতিনিধির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর আখাউড়া প্রতিনিধি দুলাল ঘোষের বাড়ির পেছন দিকের একটি ঘরে গতকাল শুক্রবার কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। এ সময় বাড়িতে ওই সাংবাদিকের স্ত্রী ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ছাড়া কেউ ছিলেন না।প্রতিবেশীরা জানান, আগুন লাগার খবরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভায়। একপর্যায়ে আখাউড়া ফায়ার সার্ভিস ও আখাউড়া থানা পুলিশও ঘটনাস্থলে আসে। সাংবাদিক পরিবারের লোকজন জানান, দুলাল ঘোষের মা সম্প্রতি যুক্তরাজ্যের অভিবাসন ভিসা পান। গতকাল ভোরে তাঁকে বিমানে তুলে দিতে পরিবারের অন্য সদস্যরা ঢাকায় যান। এই সুযোগে দুর্বৃত্তরা লাকড়ি আর কাগজবোঝাই বেড়ার ঘরটিতে আগুন দেয়। এই ঘরের সঙ্গেই লাগোয়া মূল ঘরসহ একাধিক কাঁচা ও আধাপাকা ঘর রয়েছে।সাংবাদিক দুলালের স্ত্রী আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা দুর্গা রানী ঘোষ বলেন, ‘ছুটির দিন মন্দিরের প্রসাদ নেব বলে রান্নাঘরেও আগুন জ্বালানো হয়নি। সকাল ১০টার দিকে আগুন দেখে এবং লোকজনের চিৎকার শুনেই আমরা সেখানে যাই।’ এ বিষয়ে আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি, কেউ আগুন লাগিয়েছে বলেই মনে হয়েছে। সময়মতো আগুন নেভানো না গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।’আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এখানে কেউ আগুন লাগিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।