আখাউড়ায় প্রশিকা কার্যালয় দখলে নিতে হামলা!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রামে প্রশিকার উপজেলা কার্যালয় দখলে নিতে চাকরিচ্যুত এক কর্মকর্তার নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত আটটায় এই হামলায় প্রশিকার প্রধান কার্যালয়ের এক উপপরিচালক ও সমন্বয়কারীসহ তিন কর্মকর্তা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে প্রশিকার আখাউড়া কার্যালয়ে বিশেষ সমন্বয় সভা হয়। এই সভায় প্রধান কার্যালয়ের উপপরিচালক আজিজুল হক ও সমন্বয়কারী মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। বিদ্যুৎ না থাকায় প্রধান কার্যালয়ের কর্মকর্তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কার্যালয় মাঠে আলোচনায় বসেন। এ সময় একটি মাইক্রোবাসে করে প্রশিকার আখাউড়া উন্নয়ন এলাকার সাবেক সমন্বয়কারী (চাকরিচ্যুত) পাশের উপজেলা কসবার বাসিন্দা আনোয়ারুল ফারুকের নেতৃত্বে ১২ জন লোক প্রশিকা কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের ওপর হামলা চালায়। আখাউড়া কার্যালয়ের কর্মকর্তারা অভিযোগ করেন, হামলাকারীরা কার্যালয় দখলে নেওয়ার চেষ্টা করে। ভাঙচুর করে টুল-চেয়ার। লুটে নেয় ১১ হাজার টাকা ও মোবাইল ফোনসেট। কর্মকর্তাদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় প্রধান কার্যালয় থেকে আসা কর্মকর্তারাসহ আখাউড়া সমন্বয়কারী আহত হন। প্রশিকার আখাউড়া উন্নয়ন এলাকার সমন্বয়কারী মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, আনোয়ারুল ফারুকের নেতৃত্বে অন্যরা কর্মকর্তাদের ওপর অতর্কিতে আক্রমণ করে। তবে হামলাকারী আনোয়ারুল ফারুকের সঙ্গে যোগাযোগ করে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’