আখাউড়ায় বালু ফেলে খাল ভরাট, অর্ধশতাধিক পরিবার পানিবন্দী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালু ফেলে খাল ভরাট করায় অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই নেতা খালটিতে বালু ফেলে এই পরিস্থিতির সৃষ্টি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা গতকাল বুধবার ওই এলাকা পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম শ্রমিক দিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন এলাকার দক্ষিণ দিকে বড়বাজার এলাকার খালে বালু ফেলার কাজ শুরু করেন। এতে তিতাস নদের মুখের ওই খাল উপচে পানি রেললাইনের দক্ষিণ ও পশ্চিম পাশের বস্তির বসতঘরগুলোতে ঢুকে পড়ে।
বালু ফেলার বিষয়ে ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম বলেন, ‘বালুর সঙ্গে পানি আসায় সাময়িক এক-দুই ঘণ্টার জন্য পানি উঠেছে। পানি ঢুকছে শুনে সাথে সাথে পাইপ বসিয়ে পানি সরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। বিকেলের মধ্যে পানি সরে গেছে।’ তিনি দাবি করেন, যে জায়গায় বালু ফেলা হচ্ছে, সেখানে রেল বিভাগ অন্তত আটটি লাইন স্থাপন করবে। রেললাইনের পাশে গড়ে ওঠা বস্তি এলাকায় লোকজন অবৈধভাবে বসবাস করছেন। আজ হোক আর কাল হোক ওই জায়গা তাঁদের ছাড়তে হবে। আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খালে বালু ফেলার কথা স্বীকার করেছেন।
ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান বলেন, ‘আমি গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বালু ফেলার কাজ বন্ধ করে দিয়েছি। যারা অবৈধভাবে বালু ফেলে খাল ভরাট করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বস্তির বাসিন্দা বানু বেগম বলেন, ‘রাতে বালু ফেলতে শুরু করলে ঘরে পানি ঢুকে পড়ে। আমার এক সন্তান ঘুমের মধ্যে পানিতে পড়ে যায়। এখন ঘরে খাবার নাই। বালু ফেলার আগে তারা আমাদের কিছু জানায়নি। এখন আমরা কোথায় যাব বুঝতে পারছি না।’
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিপন হায়দার বলেন, বালু ব্যবসায়ীরা গত মঙ্গলবার সন্ধ্যার দিকেই বালু ফেলার চেষ্টা করেন। কিন্তু বস্তিবাসীর বাধার কারণে তখন তাঁরা ফিরে যান। কিন্তু রাত ১টার দিকে তাঁরা বালু ফেলতে শুরু করেন। এতে বস্তির ঘরগুলোতে পানি ঢুকে পড়েছে।