আখাউড়ায় বাল্যবিবাহ বন্ধ করল পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে এক প্রবাসীর বাড়িতে পুলিশ গিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ওই বাড়ির ১৩ বছর বয়সী এক নাবালিকার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ হচ্ছে এমন খবর পেয়ে দুপুরে ওই বাড়িতে পুলিশ গেলে বিয়ের প্রস্তুতি বন্ধ রাখা হয়। পরে রাতে আবারও বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয় মেয়ের পরিবার। তখন পুলিশ গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করতে চাইলে মেয়ের মা পুলিশকে বাধা দেন।মায়ের দাবি, তাঁর মেয়ের বয়স ১৩ হয়েছে, যা বিয়ের জন্য যথেষ্ট। তাই এতে অন্যের বাধা তিনি মানবেন না। পরে অবশ্য মেয়ের পূর্ণবয়স (১৮ বছর) না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে পুলিশের কাছে মুচলেকা দেন মা।পুলিশ জানিয়েছে, দরুইন গ্রামের বাসিন্দা ও মধ্যপ্রাচ্য প্রবাসী মনির হোসেন মোল্লা তাঁর নিকটাত্মীয় একই ইউনিয়নের মোগড়া বাজারের ছামাদ মিয়ার ছেলে সুমন মিয়াকে (২৫) মধ্যপ্রাচ্যে নিয়েছিলেন। সুমন সম্প্রতি দেশে আসেন। তাঁর সঙ্গেই তিনি মেয়েকে বিয়ে দিচ্ছিলেন। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। যোগাযোগ করা হলে পাত্র সুমন মিয়া ও তাঁর পরিবারের লোকজন এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।