আখাউড়ায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার সদস্যের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মো. আমিনুল ইসলাম (৩০) নামের স্থানীয় এক ব্যক্তি গতকাল রোববার আখাউড়া রেলওয়ে থানায় এ অভিযোগ করেছেন।আমিনুল জানান, তিনি আখাউড়ার খড়মপুর মাজারে মলম বিক্রি করেন। তাঁর বাড়ি গোপালগঞ্জে। গতকাল ভোরে ঢাকাগামী ট্রেন ধরতে তিনি রেলওয়ের লোকোশেড এলাকায় যান। এ সময় বিজিবির চার সদস্য তাঁর কাছে থাকা ১১ হাজার টাকা কেড়ে নেন। প্রতিবাদ করলে গাঁজা ধরিয়ে দিয়ে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখান।আমিনুল প্রথম আলোকে বলেন, ‘বোইনরে বিয়া দিতে অনেক দিন ধইর্যা টাকাগুলা জমাইছিলাম। এই শীতের মদ্যে স্টেশনে ঘুমাই। হেই ট্যাকাগুলা হ্যেরা লইয়া গেলো।’গতকাল ভোরে রেলওয়ে এলাকায় টহলে ছিলেন নায়েক সাইফুল এবং সিপাহি ইয়াছিন, রুকন ও রফিক। দলনেতা সাইফুল টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, গাঁজাসহ আমিনুলকে ধরতেই তিনি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’