আখাউড়ায় বিদ্যালয় ভাঙচুর করল পরীক্ষার্থীরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজনকে সংক্ষিপ্ত করার জের ধরে এসএসসি পরীক্ষার্থীরা বিদ্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিক্ষকদেরও লাঞ্ছিত করার ঘটনা ঘটে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় অন্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ না দিতেও শিক্ষকদের অনুরোধ করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় ১৫৪ জন শিক্ষার্থী অংশ নেবে। গতকাল সকালে তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আখাউড়ার ইউএনও মোহাম্মদ সামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে যোগ দেন। খোঁজ নিয়ে জানা গেছে, অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেওয়া হয়েছে এবং বিদায়ী শিক্ষার্থীদের কথা অনুযায়ী অনুষ্ঠান সাজানো হয়নি এমন অভিযোগ তুলে সকাল থেকেই শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর ও প্রধান শিক্ষক শেখ মো. মাহফুজুর রহমানকে লাঞ্ছিত করে। পরে পুলিশ ও এলাকাবাসী বিদ্যালয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিদায়ী শিক্ষার্থী জানায়, বিদায় অনুষ্ঠান বাবদ তারা চাঁদা দিয়েছে। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের কথামতো অনুষ্ঠান করেনি। তাদের দুপুরে ভালো খাবারও দেওয়া হয়নি। তাদের বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয়নি। এসব না করেই সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়।
শেখ মাহফুজুর রহমান বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি বিদ্যালয়ে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে আইনমন্ত্রী উপস্থিত থাকবেন বলে দুজন সরকারি কর্মকর্তা গতকাল বিদ্যালয় পরিদর্শন করতে আসেন। ইউএনও মোহাম্মদ সামসুজ্জামান অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করার কথা বলেছিলেন।
মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘১০ তারিখে অনুষ্ঠানের সঙ্গে এটির কোনো সংশ্লিষ্টতা নেই।