আখাউড়ায় বিরোধপূর্ণ জমিতে স্কুলভবন নির্মাণ পৌরসভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় বিরোধপূর্ণ জমিতে বিদ্যালয় ভবন নির্মাণ করছে পৌরসভা। ইউনিয়ন পরিষদের (ইউপি) মালিকানাধীন পাশের এক খণ্ড জমিতেও তারা ওই স্কুলের স্থাপনা করছে।

এ ঘটনায় পৌরসভার মেয়রের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে পৃথক অভিযোগ দেওয়া হয়েছে।

জানতে চাইলে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রথম আলোকে বলেন, অ্যাডভোকেট সিরাজুল হক পৌর বালক উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ওই ভবন করা হচ্ছে। জায়গাটি ইউপির ছিল, কিন্তু পৌরসভা ঘোষণার পর সেটি বর্তমানে পৌরসভার। সরকারি প্রজ্ঞাপন মেনে বর্তমানে বাজারদর অনুযায়ী ইউপি কর্তৃপক্ষকে টাকা দিয়ে দেওয়া হবে। আর বিরোধপূর্ণ জমিটিকে খাসখতিয়ানভুক্ত হিসেবে উল্লেখ করেন তিনি। ওই জমি নিয়ে মামলা চলছে কি না, তা জানেন না বলে দাবি করেন মেয়র।

লিখিত অভিযোগ ও ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌর শহরের রাধানগর মৌজার ১৩১ নম্বর দাগের ৩৩ শতক জমির ক্রয়সূত্রে মালিক ছিলেন মহেন্দ্র চন্দ্র ঘোষ নামের এক ব্যক্তি। তাঁর ওয়ারিশদের কাছ থেকে আট শতক জমি ২০১০ সালের ১৬ মার্চ কেনেন আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকার ইয়াকুব মোল্লা। আগের খতিয়ানগুলো সব ঠিকঠাকই আছে। কিন্তু বিএস (বাংলাদেশ জরিপ) খতিয়ানে জমিটি বাংলাদেশ সরকারের নামে চলে যায়। এর বিরুদ্ধে ইয়াকুব মোল্লা ব্রাহ্মণবাড়িয়া ভূমি জরিপ ট্রাইব্যুনালে২০১৬ সালেমামলা করেন। সেটি বিচারাধীন রয়েছে।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ-সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়। এতে দেখা গেছে, ওই মৌজার ১৩১ নম্বর দাগের জমিটির ১৯৩৩ সালের আরওআর খতিয়ান মহেন্দ্র চন্দ্র ঘোষের নামে এবং ১৯৭৪-৭৫ সালে খারিজ খতিয়ানে তাঁর ছেলে সুনীল ঘোষের নাম আছে। পরের খারিজ খতিয়ানটি হয় ২০০৯-১০ অর্থবছরে; সুনীলের চার ছেলে আশিষ ঘোষ, রণজিৎ ঘোষ, সমীর ঘোষ ও প্রবীর ঘোষের নামে। কিন্তু সাম্প্রতিক বিএস চূড়ান্ত খতিয়ান হয়েছে সরকারের নামে।

এদিকে বিরোধপূর্ণ ওই জমিতে ২০১২ সালে পানির পাম্প বসানোর চেষ্টা করে আখাউড়া পৌরসভা। এর প্রতিকার চেয়ে তখন ইয়াকুব মোল্লা দেওয়ানি মামলা করেন (নম্বর ৪৫)। মামলায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর মেয়র, আখাউড়া পৌরসভা ও আখাউড়া পৌরসভার প্রকৌশলীকে বিবাদী করা হয়। এটিও বর্তমানে বিচারাধীন।

এমতাবস্থায় সম্প্রতি ওই জমিতে পৌরসভা কর্তৃপক্ষ স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়। এ বিষয়ে ইয়াকুব মোল্লা গত ৩১ আগস্ট আখাউড়ার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। ইয়াকুব মোল্লা প্রথম আলোকে বলেন, বিএস খতিয়ানে ওই জমির মালিকানা পাল্টে গেছে। এ ভুল সংশোধনের জন্য ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটির বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো দিন রায় হতে পারে। অথচ পৌরসভার মেয়র জায়গাটি দখল করার জন্যই জোর করে বিদ্যালয়ের দালান নির্মাণ করছেন।

এদিকে আখাউড়া দক্ষিণ ইউপি সূত্রে জানা গেছে,বিরোধপূর্ণ ওই জমির সামনেই রয়েছে ইউপি কর্তৃপক্ষের ৪১ শতক জমি। সেখানেও আখাউড়া পৌরসভা কর্তৃপক্ষ বিদ্যালয়টির স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। এ ঘটনার প্রতিবাদে ১২ জন ইউপি সদস্য ও চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন আখাউড়ার ইউএনওর কাছে ১৪ আগস্ট পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ‘ওই স্থানে ১৩৪ নম্বর দাগে ইউপির প্রায় ৪১ শতক জায়গা রয়েছে। সেটি ইউপির নিজস্ব অর্থে কেনা জমি। পৌর মেয়রকে মাপজোখ করে আমাদের জায়গা বুঝিয়ে দিয়ে তারপর স্কুল নির্মাণের কাজ করতে বলেছি।’

৩১ আগস্ট সরেজমিনে দেখা যায়, ওই জমিতে স্কুলের ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে প্রায় ১০টি পিলার বসানো হচ্ছে। বৃষ্টির মধ্যেই কাজ করছিলেন শ্রমিকেরা।

আখাউড়ার ইউএনও মোহাম্মদ সামছুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই জায়গায় স্কুল নির্মাণের জন্য মেয়র তাকজিল খলিফা একটি আবেদন করেছিলেন। এ বিষয়ে একটি প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। মেয়রকে সরকারি পরিপত্র মেনে কাজ করার জন্য বলা হয়েছে। তিনি বলেন, যখন কোনো ইউপি পৌরসভায় রূপান্তরিত হয়, তখন পরিপত্র অনুযায়ী ইউপির সমস্ত জায়গা পৌরসভার অধীনে চলে যায়। তবে ইউপির ক্রয় করা জায়গা নিতে হলে পৌরসভাকে ন্যায্যমূল্য পরিশোধ করতে হয়।