আখাউড়ায় ভুল চিকিত্সায় শিশু মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সকের ভুল চিকিত্সায় রাকিব মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে ওই শিশুর মৃত্যু হয়।শিশুটির পরিবার সূত্র জানায়, প্রায় দেড় মাস আগে শিশুটির কিডনিতে সমস্যা দেখা দিলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। চিকিত্সার পর শিশুটি ভালোই ছিল। শনিবার দুপুরে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক শাহ আলমের প্রাইভেট চেম্বারে নেওয়া হয়। শাহ আলম ওরাডক্সিন ইনজেকশন দেওয়ার ব্যবস্থাপত্র দিয়ে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির শরীরে ওই ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ইনজেকশনটি হাসপাতাল থেকে সরবরাহ করা হয়েছিল।শিশুর মা বাসনা বেগম (৩৮) জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও তাঁর ছেলে কথা বলছিল। ইনজেকশন দেওয়ার পরপরই তাঁর ছেলে নিস্তেজ হয়ে পড়ে। কিছুক্ষণ পর সে মারা যায়। ভুল চিকিত্সায় তাঁর সন্তানের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক শাহ আলম ভুল চিকিত্সায় শিশুটির মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটির কিডনি আগে থেকেই নষ্ট ছিল। সর্বশেষ শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।