আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় থাকা অস্ত্রধারী ও বেতনভুক্ত রাজাকার-সম্পর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পাঠানো প্রতিবেদন প্রত্যাখ্যান করে উপজেলার মুক্তিযোদ্ধারা গতকাল বুধবার পৌর মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করেছেন।
গতকাল বেলা তিনটার দিকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাইয়িদ মিয়া। এতে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও জাসদের নেতারা বক্তৃতা করেন। সভা থেকে ১০ মার্চের মধ্যে প্রতিবেদনটি সংশোধন করে পাঠানোর দাবি জানানো হয়। তা না হলে উপজেলা প্রশাসনকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা।
ইউএনওর কার্যালয় ও থানা-পুলিশ সূত্র জানায়, ১৯৭১ সালে অস্ত্রধারী ও বেতনভুক্ত রাজাকার, আলবদর ও আলশামস সদস্যদের তালিকা তৈরি করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসক আখাউড়ার ইউএনওর কার্যালয়ে চিঠি দেন। ইউএনও বিষয়টি তদন্ত করার জন্য আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেন। ১ ডিসেম্বর পুলিশ ইউএনওর কাছে ওই প্রতিবেদন পাঠায়। ইউএনও প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠান।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘১৯৭১ সালে বেতনভুক্ত ও অস্ত্রধারী রাজাকার, আলবদর ও আলশামস সদস্য-সংক্রান্ত বিষয়ে অত্র এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, চৌকিদার, দফাদার, কমিউনিটি পুলিশের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এবং থানার রেকর্ড পর্যালোচনা করে কোনো তথ্য না পাওয়ায় শূন্য প্রতিবেদন প্রেরণ করা হলো।’
ইউএনও আহসান হাবিব বলেন, একটি প্রক্রিয়ায় প্রতিবেদনটি পাঠানো হয়েছে। যাঁরা আপত্তি করছেন তাঁরা কেউ লিখিত আপত্তি জানাননি। লিখিত আপত্তি জানালে তাঁর কার্যালয় থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হবে।