আখাউড়ায় যুবক খুন, মুন্সিগঞ্জে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে গত শুক্রবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ একই দিন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করা হয়৷
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে আখাউড়ার ব্যস্ততম এলাকা সড়ক বাজারের দীপ্তি আবাসিক হোটেলের দুটি কক্ষ ভাড়া নেন তিন ব্যক্তি৷ হোটেলের নিবন্ধন খাতায় তাঁদের নাম সজীব (৩০), রবিন (২৪) ও রাজীব (১৯) উল্লেখ করা হয়৷ জেলা লেখা রয়েছে শেরপুর৷ ওই তিনজনের দুজন মিলে একজনকে শ্বাসরোধে হত্যা করে হোটেল কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যান৷ এ ঘটনায় হোটেলের দায়িত্বে থাকা মনির হোসেন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
এদিকে শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের পদ্মা নদীতে অজ্ঞাতনামা এক তরুণের অর্ধগলিত লাশ ভাসতে দেখেন এলাকাবাসী৷ পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে৷