আখাউড়ায় যুবতীর রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইন বিষয়ে অধ্যয়নরত এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর লাশ গতকাল সোমবার সকালে নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নাহিদা সুলতানা (২৭)। তিনি আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিনের ছোট মেয়ে।পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া পৌর শহরের চন্দনসার গ্রামের নিজ বাড়িতে রোববার দিবাগত রাতের কোনো এক সময় নাহিদা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর বাবা পুলিশকে এই তথ্য জানিয়ে লিখিত দিয়েছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নাহিদা অবিবাহিত ছিলন। তিনি ঢাকায় আইন বিষয়ে পড়তেন।নাহিদার পরিবার, পুলিশ ও এলাকাবাসী কোনো পক্ষই কী কারণে ওই যুবতী আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। অন্যদিকে পুলিশের একটি সূত্র দাবি করেছে, নাহিদার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।পুলিশ সূত্র জানায়, যে ঘরে নাহিদা গলায় ফাঁস দিয়েছেন বলে পরিবারের লোকজন জানিয়েছে, পুলিশ তার পাশের একটি ঘরের চকিতে শোয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে। তা ছাড়া মৃত্যুর প্রাথমিক কোনো কারণ সম্পর্কে ধারণা না পাওয়ায় পুলিশ ঘটনাটিকে রহস্যজনক হিসেবে তদন্ত করছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নাহিদার বাবার অভিযোগের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে নিহত নাহিদার পরিবারের কেউ কথা বলেনি।