আখাউড়ায় রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগে চিকিৎসককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শুক্রবার রাতে শামীম মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই যুবকের স্বজনেরা দায়িত্বে অবহেলার অভিযোগ এনে চিকিৎসক ও তাঁর সহযোগীকে মারধর করেন। পুলিশ মারধরে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে। স্থানীয় সূত্র জানায়, জেলার বিজয়নগর উপজেলার টুকচানপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে শামীম শুক্রবার রাতে কীটনাশক পান করেন। রাত ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন গুলজার হোসেন। তিনি শামীমকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনি শামীমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রোগীর রোগীর স্বজনেরা ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শামীম সেখানে মারা গেলে তাঁর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওই চিকিৎসক ও তাঁর সহকারী আবুল হাসনাতকে মারধর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে আটক করা হয় মারা যাওয়া শামীমের চাচাতো ভাই রাহিম মিয়া ও মন্টু চৌধুরীকে।চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শাহ আলম প্রথম আলোকে জানান, কীটনাশক পান করার প্রায় দুই ঘণ্টা পর রোগীকে হাসপাতালে আনা হয়। তখন রোগীর অবস্থা সংকটাপন্ন ছিল। কর্তব্যরত চিকিৎসক সাধ্যমতো চেষ্টা করেছেন। এর পরও রোগীর স্বজনেরা হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং চিকিৎসক ও তাঁর সহকারীকে মারধর করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে জানান, শামীমের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া চিকিৎসক ও তাঁর সহকারীকে মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।