আখাউড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নয়াদিল গ্রামে গত রোববার রাতে দুই বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটির মায়ের দাবি, পাশের বাড়ির লোকজনের ছুড়ে মারা ইটের আঘাতে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। তবে পাশের বাড়ির লোকজন এ অভিযোগ অস্বীকার করেছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নয়াদিল গ্রামের ছায়েদ মিয়া ও আলী আহম্মদের বাড়ি পাশাপাশি। রোববার সন্ধ্যায় আলী আহম্মদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে অনেক শব্দে গান বাজছিল। ছায়েদ মিয়ার বাড়ির লোকজন রাত ১১টার দিকে গান বাজাতে নিষেধ করলে দুই বাড়ির লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ছায়েদ মিয়ার ছেলে সামছু মিয়ার স্ত্রী আসমা বেগম জানান, রাত ১২টার দিকে তিনি ঘুমাতে যান। তিনি যে ঘরে ঘুমান, সেই ঘরটি নির্মাণাধীন। ঘরের দরজা-জানালা নেই। ভোর চারটার দিকে শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। জেগে উঠে দেখেন তাঁর ঘুমন্ত মেয়ে সুমাইয়ার পাশে দুটি ইট পড়ে আছে। মশারি ছেঁড়া। তাঁর মেয়ে নড়াচড়া করছে না।আসমা বেগমের দাবি, রাতের মারামারির ঘটনার জের ধরেই আলী আহম্মদের বাড়ির লোকজন ইট ছুড়ে মারে। ইটের আঘাতে সুমাইয়া মারা গেছে।পুলিশ সকালে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।তবে আলী আহম্মদ প্রথম আলোকে বলেন, রাতের ঝগড়ার বিষয়টি রাতেই একরকম শেষ হয়ে যায়। ছায়েদ মিয়া ও তাঁর বাড়ির লোকজন তাঁদের ফাঁসাতে নিজেদের শিশুসন্তানকে হত্যা করেছে।আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেহ উদ্দিন বলেন, লাশের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না।