আখাউড়ায় সাংসদের নিরাপত্তা চেয়ে জিডি
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগের সাংসদ মোহাম্মদ শাহ আলমের নিরাপত্তা চেয়ে আখাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খান গত শুক্রবার রাতে এ জিডি করেন।জিডিতে উল্লেখ করা হয়েছে, সদ্যসমাপ্ত আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাকজিল খলিফা পরাজিত হন। গত বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সম্মেলন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি সাংসদ শাহ আলমকে আখাউড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাদের হুমকি দেন। তিনি সাংসদকে গুলি করে হত্যা করবেন বলে প্রকাশ্যে বলাবলি করছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।জিডিতে বলা হয়েছে, সাংসদ শাহ আলম পৌর নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় তাকজিল খলিফা তাঁকে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় সাংসদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।এ ব্যাপারে তাকজিল খলিফা প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী যে ভোট পেয়েছেন, তা তাঁর পাওয়া ভোটের অর্ধেকেরও কম। অন্যদিকে তিনিই একমাত্র প্রার্থী, যিনি বিজয়ী বিএনপির প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী। এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।