আখাউড়ায় সালিসে এক ব্যক্তিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে সালিস-বৈঠকে শাবল দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ওই বাড়ির লোকজনই তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে নোয়ামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. সোহেল মিয়া (২৬)। তিনি উপজেলার নোয়ামুড়া গ্রামের বাসিন্দা। এ সময় নিহত ব্যক্তির স্ত্রী, ছোট ভাই ইলিয়াছ (২২) ও মা ছুরিকাহত হন।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, নোয়ামুড়া গ্রামের নোয়াব মিয়ার মেয়ের সঙ্গে সম্প্রতি পালিয়ে গিয়ে বিয়ে হয় নিহত সোহেলের ছোট ভাই ইলিয়াছের। এ ঘটনা নিয়ে পাশাপাশি বাড়ির ওই দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গতকাল রাতে এই বিরোধ মেটাতে নোয়াব মিয়ার বাড়িতে স্থানীয় সরদার ফুল মিয়ার সভাপতিত্বে সালিস-বৈঠক বসে। সালিসে বাগিবতণ্ডার একপর্যায়ে নোয়াব মিয়ার পক্ষের লোকজন শাবল দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। ছুরিকাহত হন সালিসে উপস্থিত সোহেলের ছোট ভাই ও নোয়াব মিয়ার মেয়ের জামাই ইলিয়াছ, সোহেলের মা ও স্ত্রী।রাত সাড়ে ১০টার দিকে যোগাযোগ করা হলে সালিস-বৈঠকের সভাপতি সরদার ফুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সভার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। এ সময় নোয়াব মিয়ার বাড়িতে হইচই শুনি। গিয়ে দেখি, সোহেলের লাশ পড়ে আছে। তাঁর বউ, মা ও ছোট ভাই রক্তাক্ত।’