আখাউড়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ভোট গ্রহণকে কেন্দ্র করে সাধারণ ভোটার থেকে শুরু করে মেয়র প্রার্থীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে স্বতন্ত্র, বিএনপির প্রার্থীসহ ভোটারদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।
তবে আখাউড়া পৌরসভার বেশির ভাগ ভোটার বলেছেন, আখাউড়ায় আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হকের বাবা অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আইনমন্ত্রী নিজেও খুব ভালো মানুষ। অন্তত তাঁর নির্বাচনী এলাকায় কেন্দ্র দখল, ভোট জালিয়াতির মতো কোনো ঘটনা ঘটবে না।
গত মঙ্গলবার দিনভর পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়। সড়ক বাজার এলাকায় সবজি ব্যবসায়ী আবদুল করিম, ফরহাদ হোসেন বলেন, ‘অনেকে বলে সরকারি দল, এরা পাস না করলে জোর তো খাটাবেই।’ দেবগ্রামের বাসিন্দা দুরবার চৌধুরী বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা গন্ডগোল করতে পারেন। তা ছাড়া বিএনপির লোকজন নীরব হয়ে আছেন। তবে গ্রামের অধিকাংশ ভোট বিএনপির প্রার্থী পাবেন।
ভিন্ন বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাউছার মুন্সী ও সড়ক বাজারের ব্যবসায়ী আশীষ ঘোষ। তাঁরা বলেন, আখাউড়া শান্তিপ্রিয় এলাকা। এখানে সব সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। তা ছাড়া আইনমন্ত্রী কোনোভাবেই এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেবেন না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন, নির্বাচন কেমন হবে, তা সরকারি দল ও প্রশাসনই ভালো বলতে পারবে। তবে দেশের কোনো জায়গায় এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় না।
দেবগ্রামের বাসিন্দা ও বিএনপির সমর্থক হুসমায়ূন কবীর বলেন, ‘আমাদের কোনো কর্মী দলের পক্ষে প্রচারণায় আগ্রহ দেখালে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র তাকজিল খলিফা ওরফে কাজল তাঁদের ডেকে নিয়ে বলেন, ৩০ ডিসেম্বর তো নির্বাচন। এরপর দেখা যাবে।’ তিনি আরও বলেন, ভয়ে ভয়ে তাঁরা (কর্মীরা) কাজ করছেন।
ঢাকা মহানগর বিএনপির সদস্য ও মতিঝিল থানা মহিলা দলের সভাপতি শারমীন আনোয়ার বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য আখাউড়ায় এসেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ ও প্রশাসনের বাড়তি সুবিধা পাবেন আওয়ামী লীগের প্রার্থী। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যালট পেপার নিয়ে কেন্দ্রে সিল মারতে পারেন।
মসজিদপাড়ার আইয়ুব মিয়া, তারাগনের আলমগীর হোসেন, নারায়ণপুরের হাসিনা আক্তার, টানপাড়ার আবদুল ওয়াহিদসহ রাধানগর ও আখাউড়া রেলওয়ে জংশন এলাকার আরও কয়েকজন বলেন, নির্বাচনের দিন তাঁরা ভোট দিতে চান। তবে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আল হোসাইন চৌধুরী বলেন, রিটার্নিং কর্মকর্তার বক্তব্য শুনে মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু ভোটারদের কাছে গেলে তাঁরা বলেন, নির্বাচনের দিন কেন্দ্রে হামলা ও মারামারি, কেন্দ্র দখলসহ নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
আরেক স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মশিউর রহমান অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর পক্ষের লোকজন আমাকে ও আমার পক্ষের লোকজনকে নানাভাবে ভয় দেখাচ্ছেন।’ সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নির্বাচনের দিন পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
বিএনপির প্রার্থী মন্তাজ মিয়া প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ও প্রশাসন সবই বর্তমান মেয়রের পক্ষে কাজ করছে। আমরা কিছু করলে নির্বাচন কর্মকর্তা আচরণবিধি ভঙ্গের আইন দেখান। আওয়ামী লীগের প্রার্থীর মিছিল, একাধিক স্টল—কোনো কিছুই তাদের চোখে পড়ে না।’ নির্বাচন কেমন হবে, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সদর, বিজয়নগর ও কসবা উপজেলা থেকে বহিরাগত ব্যক্তিরা এসে কাজ করছেন। তবে আইনমন্ত্রী খুব ভালো মানুষ। মন্ত্রী এখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করবেন বলে তিনি আশা করছেন।
আওয়ামী লীগের প্রার্থী তাকজিল খলিফা বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। দলীয় প্রার্থী হিসেবে অনেকেই আমার পক্ষে এলাকায় আসতে পারেন। আওয়ামী লীগ সরকারি দল হলেও আখাউড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমি আচরণবিধি ভঙ্গ করে থাকলে আমার বিরুদ্ধে যে-কেউ লিখিত অভিযোগ দিতে পারে।’