আখাউড়ায় ‘হামলা সামলাতে’ পুলিশের গুলি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের গুলিতে মো. আবু ছালেক (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ গত সোমবার গভীর রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কয়েকজনের ওপর প্রতিপক্ষের হামলা সামলাতে গেলে এ ঘটনা ঘটে। আবু ছালেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি গ্রামে।এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সফিকুল ইসলাম, কনস্টেবল মো. নূরুল ইসলাম এবং মো. কাইয়ুম মিয়া নামের এক হামলাকারী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ কাইয়ুম মিয়াসহ পাঁচজনকে আটক করেছে। অন্য চারজন হলেন মো. সুরুজ মিয়া, সালাউদ্দিন, সজল মিয়া ও মাহবুব আলম।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাইসাইকেল চুরির ঘটনা নিয়ে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের আবদুর নূর (২৫) ও তাঁর বড় ভাই শাহ নূরের (২৮) সঙ্গে পাশের জয়নগর গ্রামের সজল মিয়া ও মাহবুব আলমের ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে সজলের পক্ষ নিয়ে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিনের ভাগ্নে আলী মিয়ার (৩০) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আবদুর নূর ও শাহ নূরের ওপর হামলা করে। আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে হাসপাতাল চত্বরেই তারা পুলিশের ওপর হামলা করে। পরে পাশের রাস্তায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ভোর পাঁচটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি বাড়ির উঠানে গুলিবিদ্ধ ছালেকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক মো. শাহ আলম বলেন, হাসপাতালের সেবিকা ও সেবকেরা দেখেছেন হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেনের ভাষ্য, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পক্ষের ওপর প্রতিপক্ষের হামলা সামলাতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরও হামলা হয়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই হামলাকারী গুলিবিদ্ধ হয়। এদের একজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন দাবি করেছেন, হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ২৫টি গুলি ছুড়েছে। জবাবে পুলিশও ১৬-১৭টি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে হামলাকারীদের নেতা আলীর একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিন মোবাইল ফোনে বলেন, তিনি ঢাকায় আছেন। তাঁর ভাগ্নে আলী মিয়া আগে থেকেই খারাপ। আলীদের পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই। এ ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর নাম জড়াচ্ছে।