আখের ছোবড়া থেকে সার ও কীটনাশক!
চিনিকলের উপজাত আখের ছোবড়া থেকে পরীক্ষামূলকভাবে তরল প্রাকৃতিক সার ও কীটনাশক তৈরি করা হয়েছে। সার ও কীটনাশক তৈরির পর আখের ছোবড়া কাগজকলের কাঁচামাল ও জ্বালানি হিসেবেও ব্যবহার করা যাবে। প্রাকৃতিক সার ও কীটনাশক তৈরিতে এ সাফল্য পেয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহীর পাঁচজন বিজ্ঞানী। তাঁদের মধ্যে অন্যতম পরিষদের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল হাই জানান, এই সার ও কীটনাশক জমিতে ব্যবহার করলে আর কোনো রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন পড়বে না।গবেষণাগারে ছোবড়া: ২০০৮ সালের নভেম্বরে বিসিএসআইআর ঢাকার জীববিজ্ঞানসংক্রান্ত গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবু আনিস জাহাঙ্গীরের তত্ত্বাবধানে বাঁধাকপির একটি খেতে এই সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। পরের বছর ১৫ জানুয়ারি ফসল তোলা হয়। বিসিএসআইআর রাজশাহীতে লেখা এক চিঠিতে আনিস জাহাঙ্গীর জানান, পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে। এটি ব্যবহারে উৎপাদন ২১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে। এর সঙ্গে সম্পৃক্ত পাঁচ বিজ্ঞানী হলেন: আবদুল হাই, ইসমাইল হোসাইন মণ্ডল, আবদুল খালেক, এল এ মুসলিমা খানম ও দেবাশীষ তালুকদার।বিসিএসআইআর রাজশাহীর পরিচালক মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে জানান, তুলনামূলক পরীক্ষায় সফল হলেই তাঁরা এই সার ও কীটনাশক কৃষকের হাতে তুলে দিতে পারবেন। এর মান ও গুণ পরীক্ষার জন্য বিজ্ঞানী আবদুল হাইকে পরিচালক করে একটি অগ্রাধিকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। দু-এক মাসের মধ্যে ৩০ একর জমিতে প্রকল্পের কাজ শুরু হবে। গোড়ার কথা: আখের ছোবড়া থেকে সার ও কীটনাশক তৈরির গোড়ার কথা বলতে গিয়ে বিজ্ঞানী আবদুল হাই বছর পাঁচেক আগে ফিরে যান। চিনিকলের পাশে বছরের পর বছর আখের ছোবড়া পড়ে থাকে। এগুলো পচে না। ছোবড়া পড়ে থাকা স্থানটিতে কোনো গাছও হয় না। বিষয়টি দেখে তাঁর মনে হয়েছিল, এর ভেতর কীটনাশকের গুণাগুণ থাকতে পারে। তিনি পরীক্ষার জন্য রাজশাহী চিনিকল থেকে এক ট্রাক আখের ছোবড়া তাঁর বাসায় নিয়ে যান। বাড়িতে একটি কাঁঠালগাছের গোড়ায় ছোবড়া দিয়ে রাখেন। ১৫ দিনের মাথায় গাছটি মরে যায়। এ থেকে অনুমান করা হয় যে, আখের ছোবড়ায় ইউরিয়ার গুণাগুণ থাকতে পারে। কেননা, গাছের গোড়ায় বেশি মাত্রায় ইউরিয়া দিলে সাধারণত সেই গাছ মরে যায়। এ নিয়ে গবেষণাগারে পরীক্ষা করে আবদুল হাই দেখেন, শুকনো আখের ছোবড়া থেকে ৫০ শতাংশ সার ও কীটনাশক পাওয়া যাচ্ছে, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি বলেন, ‘ছোবড়া থেকে আহরিত নির্যাস পানিতে দ্রবণযোগ্য করা বেশ জটিল কাজ। এর জন্য একটি সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতি বের করেছি। কম খরচে এই সার ও কীটনাশক কৃষকের হাতে তুলে দেওয়া যাবে।’ মেধাস্বত্ব (প্যাটেন্ট) না পাওয়া পর্যন্ত তরল সার ও কীটনাশক তৈরির প্রক্রিয়াটি বলতে চাননি ওই বিজ্ঞানী।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবুল হোসেন মোল্লা জানান, যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আখের ছোবড়া থেকে জ্বালানি তেল তৈরির বড় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে সার ও কীটনাশকের গুণাগুণ থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।