আখের টাকা না পেয়ে ক্ষুব্ধ চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকলে দিনের পর দিন ধরনা দিয়েও আখ বিক্রির টাকা পাচ্ছেন না চাষিরা। এতে তাঁরা ব্যাপক ক্ষুব্ধ। কর্তৃপক্ষ বলছে, মজুত চিনি বিক্রি না হওয়া এবং সরকারি বরাদ্দের অভাবে সব চাষির পাওনা পরিশোধ করা যাচ্ছে না।
চিনিকল সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ মৌসুমে চিনিকলের এক লাখ ২৬ হাজার ১১৬ মেট্রিক টন আখ মাড়াই করে নয় হাজার ১৯ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। এ ছাড়া গত দুটি মৌসুমের পাশাপাশি চলতি মৌসুমের উৎপাদিত চিনিও বিক্রি না হওয়ায় ১৫ হাজার ৩০০ মেট্রিক টন চিনি গুদামে বস্তাবন্দী অবস্থায় পড়ে আছে, যার বর্তমান মূল্য ৬১ কোটি ৩০ লাখ টাকা।
জয়পুরহাট চিনিকলের অধীনে আখচাষি রয়েছেন ১৪ হাজার ৫০১ জন। এই চাষিরা আখ বিক্রির টাকা না পেয়ে চিনিকল ও চিনিকলের আখ ক্রয়কেন্দ্রগুলোতে দিনের পর দিন ধরনা দিচ্ছেন। তবে পাওনা বেশি থাকলেও চাষিদের মাত্র একটি করে রসিদের টাকা (ডব্লিউআর) কিছুদিন পর পর দেওয়া হচ্ছে। তাও আবার সব চাষির ভাগ্যে টাকা জোটে না।
চিনিকলের একটি সূত্র জানায়, কয়েক দিন আগে চাষিদের জন্য সরকারের তরফ থেকে তিন কোটি টাকা বরাদ্দ আসে। বিভিন্ন আখ ক্রয়কেন্দ্রে কিছু টাকা পরিশোধ করা হয়। গত বুধবার জয়পুরহাট চিনিকলের গেটে ক্যাশ কাউন্টারে একজন আখচাষিকে একটি করে রসিদের টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ওই দিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এক কোটি ২০ লাখ টাকা বিতরণ করা হয়। পরে অপেক্ষমাণ চাষিদের জানানো হয়, টাকা শেষ। এ কথা শুনে তাৎক্ষণিকভাবে ক্ষোভে ফেটে পড়েন চাষিরা। একপর্যায়ে ক্ষুব্ধ চাষিরা ক্যাশ কাউন্টারে ইটপাটকেল নিক্ষেপ করে দরজা-জানালা ভাঙচুর করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে চাষিরা ফিরে যান।
গতকাল শনিবার চিনিকল চত্বরে দেখা হয় জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের দর্শন বিভাগের ছাত্র আমানুল ইসলামের সঙ্গে। তাঁর বর্ষ সমাপনী পরীক্ষার ফরম পূরণের শেষ দিন আজ রোববার। তাই টাকা তুলতে সবার কাছে ধরনা দিচ্ছেন। কিন্তু সুরাহা হয়নি। কীভাবে টাকা সংগ্রহ করা যাবে, এ চিন্তায় তিনি দিশেহারা। তাঁর বাবার আখ বিক্রির পাওনা ২৫ হাজার টাকা।
কৃষকদের এমন সুযোগ নিয়ে মিল চত্বরেই টাকার রসিদ কিনছেন ব্যবসায়ী আবদুল মোত্তালেব। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে টাকার রসিদ ক্রয় করে শতকরা পাঁচ-ছয় টাকা কম দিচ্ছেন। এ ছাড়া কিছু চাষি বাধ্য হয়ে মিল থেকে দুই হাজার টাকা দরে ৫০ কেজি ওজনের চিনির বস্তা কিনছেন। আবার বস্তাপ্রতি ১০০ টাকা লোকসান দিয়ে বিক্রি করছেন।
চিনিকলের মহাব্যবস্থাপক আবদুস সালাম বলেন, কৃষকের পাওনা ১৭ কোটি টাকা। কয়েক দিন আগে তিন কোটি টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেলেও কৃষকের বকেয়া পাওনার তুলনায় এটা খুবই কম। এ ছাড়া বিপুল পরিমাণ চিনি অবিক্রীত রয়েছে। কৃষকের পাওনা পরিশোধের জন্য শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।