আখের মাথা কাটা নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ১৫
নাটোরের লালপুরে আখের মাথা কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার এ ঘটনায় ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে দেখতে এসেও স্বজনেরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন।লালপুর হাসপাতাল, থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সাদিপুর গ্রামের আবদুল মালিথার ছেলে সামসুলের (৪৫) জমি থেকে কে বা কারা চুরি করে আখের মাথা (গো-খাদ্য) কেটে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় খোঁজ নিতে গিয়ে পাশের আঙ্গারীপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে আফতার আলীর বাড়িতে এক বোঝা আখের মাথা দেখে সন্দেহ হয়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে আঙ্গারীপাড়া ও সাদিপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় গ্রামের কমপক্ষে ১৫ জন আহত হন।আতিয়ারকে দেখতে এসে শ্বশুর বিলমাড়িয়া গ্রামের আদম মোল্লা ও শ্যালক আমানত মোল্লা (১৭) এবং আঙ্গারীপাড়া গ্রামের সাত্তার (৪৫) ও সামাদ আলীকে (৩০) হাসপাতাল চত্বরেই সাদিপুর গ্রামের লোকজন বেধড়ক মারপিট করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার এসআই আবুল কালাম জানান, এ ব্যাপারে এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।