আখের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন দাবি চাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখের দাম বৃদ্ধি, আখ বিক্রির অনুমতিপত্র (পূর্জি) বিতরণে অনিয়ম দূর, ভর্তুকির টাকা দ্রুত পরিশোধ, ওজনে কারচুপি বন্ধসহ বিভিন্ন দাবি জানিয়েছেন জয়পুরহাটের আখচাষিরা। গত শুক্রবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সঙ্গে মতবিনিময় সভায় আখচাষিরা এসব দাবি তুলে ধরেন।
সদর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের আখচাষি ভারতী রানী সভায় আখের দাম বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, তিনি চার বিঘা জমিতে আখ চাষ করেছেন। এবার আরও চার বিঘা জমিতে আখ চাষের জন্য জমি প্রস্তুত করা হয়েছে। বর্তমান বাজারদরে আখ বিক্রি করে তাঁদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। মজুরি, পরিবহনসহ সব খরচ বেড়েছে। কিন্তু আখের দাম বাড়েনি। একই উপজেলার আখচাষি আবদুস সামাদ অভিযোগ করেন, পূর্জি বিতরণে মারাত্মক অনিয়ম রয়েছে। তিনি মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভালো বীজ সরবরাহ, মানসম্মত সার ও কীটনাশক সরবরাহের দাবি জানান।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ইক্ষু উন্নয়ন ও গবেষণা পরিচালক মো. হাবিবুর রহমান, উৎপাদন ও প্রকৌশল পরিচালক মো. আবদাল হোসেন, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
এ কে এম দেলোয়ার হোসেন আখচাষিদের দাবির সঙ্গে একমত পোষণ করে দেশের বৃহত্তর জয়পুরহাটের এই চিনিকলকে বাঁচিয়ে রাখতে আখচাষিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আখের চাষ ও উৎপাদন বাড়লে চিনির উৎপাদন খরচ কমে আসবে। এ জন্য কৃষকদের অধিক হারে আখ চাষ করে মিলগুলোকে রক্ষা করতে হবে।