আখেরি চাহার শোম্বা ১০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ১০ ফেব্রুয়ারি বুধবার সারা দেশে আখেরি চাহার শোম্বা পালিত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি মো. আবদুর রব হাওলাদার।সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দীক, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো. সালাহ উদ্দিন, মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসাইনসহ চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় ১৪৩১ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২৯ মহররম বা ১৬ জানুয়ারি শনিবার বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। তাই আজ রোববার মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল সোমবার সফর মাস গণনা শুরু হবে। সে পরিপ্রেক্ষিতে ২৪ সফর বা ১০ ফেব্রুয়ারি বুধবার সারা দেশে আখেরি চাহার শোম্বা পালিত হবে। বিজ্ঞপ্তি।