আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেদায়েত ও শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শনিবার নীলফামারীতে শেষ হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা।
জেলা সদরের দাড়োয়ানী টেক্সটাইল মিল কলোনি মাঠে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ওই ইজতেমায় গতকাল বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত আখেরি মোনাজাত হয়।
মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা মোশাররফ হোসেন। নীলফামারী জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে থেকে আসা তিন লক্ষাধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ মুসল্লি ইজতেমায় অংশ নেন।
মোনাজাতে অংশ নেওয়া হলো না মকবুলের
ইজতেমার শেষ দিন গতকাল সকালে আখেরি মোনাজাতে অংশ নিতে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে অন্যদের সঙ্গে যাচ্ছিলেন কৃষক মকবুল হোসেন (৬৫)। এ সময় জেলা শহরের পাঁচমাথা মোড়ে হৃদ্রোগে আক্রান্ত হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছী গ্রামের বাসিন্দা। মকবুলের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।