আখেরি মোনাজাত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইজতেমা ময়দানের পাশে রাস্তার একপাশে বসে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
ইজতেমা ময়দানের পাশে রাস্তার একপাশে বসে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আয়োজিত বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টার কিছুপরে মোনাজাত শুরু হয়।
ফজরের নামাজের পর ভারতের মাওলানা সা’দ হেদায়ীত বয়ান করেন। ইজতেমায় অংশ নেওয়া আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে ছয়জন মুসল্লির মৃত্যু হলো।
সরেজমিনে দেখা গেছে, ভোররাত থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে যান। যানবাহন চলাচল বন্ধ থাকায় কেউ কেউ রিকশা দিয়ে ইজতেমা ময়দানের দিকে যান।
সকালে ভোগড়া বাইপাস এলাকায় কথা হয় গাজীপুরের সালনা এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোররাতে বাড়ি থেকে বেরিয়েছেন। চৌরাস্তার পর থেকে গাড়ি চলতে না দেওয়ায় হাঁটছেন। তাঁর মতো আরও হাজার হাজার মুসল্লি হেঁটে হেঁটে ময়দানে যান। ফজরের নামাজেও আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নেন।
আরও তিন মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছেন মুসল্লিরা। ছবিটি আজ রোববার সকালের। ছবি: প্রথম আলো
বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছেন মুসল্লিরা। ছবিটি আজ রোববার সকালের। ছবি: প্রথম আলো

গতকাল শনিবার রাতে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদরের বাদুতলা এলাকার আব্দুল মাবুদ জোয়ারদার (৫২), জামালপুরের সরিষাবাড়ি থানার চরআদরা এলাকার আব্দুর কাদের (৬০) ও কুমিল্লার মনুহরগঞ্জ থানার নাথেরপেটুয়া এলাকার নূরুল আলম ওরফে নূর হোসেন (৭০) মারা যান। এর আগে গত শুক্রবার রাতে এক মালয়েশীয়সহ তিন মুসল্লির মৃত্যু হয়।
আখেরি মোনাজাতে নিরাপত্তা: গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পাঁচ হাজারের বেশি পুলিশ নিয়োজিত থাকবে। এ ছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।