আখেরি মোনাজাতে সব মানুষের কল্যাণ কামনা

শীতের সকাল। কুয়াশায় ঢাকা চারপাশ। পথেঘাটে মানুষের ঢল। সকাল নয়টার মধ্যে চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া গ্রামের ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
দুপুর সোয়া ১২টায় শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত শেষ হয় সাড়ে ১২টায়। এর মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হয় চট্টগ্রাম জেলা ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মানুষ।
আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান মুরব্বি মাওলানা জোবায়ের। মোনাজাতে দোজাহানের কল্যাণ কামনার পাশাপাশি নিজের দেশ ও বিশ্বের শান্তি, সব মানুষের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, ব্যক্তিজীবনের গোনাহ মাফ ও অসুস্থ ব্যক্তিদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
আখেরি মোনাজাত শুরুর আগে মাওলানা জোবায়ের সকাল ১০টা থেকে মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। মোনাজাত শুরুর আগে যৌতুকবিহীন দুটি বিয়ে পড়ান তিনি।
মোনাজাতে অন্যদের মধ্যে অংশ নেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী, সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম।
এর আগে মোনাজাতে অংশ নিতে সকাল থেকে শীত উপেক্ষা করে দলে দলে মানুষকে ইজতেমা মাঠের দিকে আসতে দেখা যায়। মুসল্লিরা ফজরের নামাজের পর থেকেই হেঁটে ইজতেমা মাঠের দিকে আসতে শুরু করায় হাটহাজারী-নাজিরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মোটরসাইকেল ছাড়া সড়কে কোনো যানবাহন চলতে দেয়নি ট্রাফিক পুলিশ। মাঠ পরিপূর্ণ হয়ে যাওয়ায় আশপাশের গাছের ওপর উঠেও অনেককে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকলেও মাঠের অদূরে বিভিন্ন বাড়ির সামনে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন তাঁরা। মাঠ থেকে তিন কিলোমিটার দূর পর্যন্ত স্থানীয় লোকজন মাইকের ব্যবস্থা করেন।