আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমা। বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় এ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার থেকেই মুসল্লিদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ময়দান ছাড়িয়ে আশপাশে মুসল্লিদের উপচে পড়া ভিড় বেড়ে গেছে। সড়ক-মহাসড়কে পলিথিন শিট টানিয়ে অবস্থান নিয়েছেন হাজারো মুসল্লি।
ইজতেমা ময়দানে বিদেশি মুসল্লিদের অবস্থানের পূর্ব পাশে স্থাপিত বিশেষ মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। এর আগে হেদায়েতি বয়ান করবেন ভারতের মাওলানা সা’দ। দোয়া পরিচালনা করবেন ভারতেরই প্রখ্যাত আলেম ও বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা জোবায়েরুল হাসান।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ছিল গত ২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমা। উভয় পর্বে প্রায় সমানসংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন বলে ইজতেমার আয়োজকেরা জানিয়েছেন।
গতকাল ইজতেমার দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের মুরব্বিরা তাবলিগের ছয় ‘উছুল’ সম্পর্কে বয়ান করেন। এ সময় বলা হয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে আমল ছাড়া দুনিয়ার জীবনের মূল্য নেই। ইসলামের দাওয়াতের মাধ্যমে ইমান শক্তিশালী হয়। তাই নিজে আমলের পাশাপাশি ইসলামের দাওয়াত দিতে হবে। বয়ানের পর মুসল্লিরা কিছু সময় ইবাদতে মশগুল থাকেন। এরপর শুরু হয় দুপুরের খাবারের জন্য ব্যস্ততা।
ইজতেমা মাঠের প্রবেশপথে মানচিত্রের সামনে দিনজুড়ে ছিল মুসল্লিদের ভিড়। তাঁরা মানচিত্র দেখে খুঁজে নেন নিজ নিজ এলাকার খিত্তা। ইজতেমায় নারীদের অংশগ্রহণ ও অবস্থানে কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকলেও বয়ান শুনতে ও আখেরি মোনাজাতে অংশ নিতে মাঠের বাইরে অনেক ধর্মপ্রাণ নারী অবস্থান নিয়েছেন।
যৌতুকবিহীন বিয়ে: গতকাল ইজতেমার বিশেষ আকর্ষণ ছিল যৌতুকবিহীন গণবিয়ে। তাবলিগের রেওয়াজ অনুযায়ী, আসরের নামাজের পর বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সমঞ্চতি নিয়ে এবং বর ও উভয় পক্ষের স্বজনদের উপস্থিতিতে শতাধিক জোড়া বর-কনের এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে পড়ান ভারতের মাওলানা জোবায়েরুল হাসান। বিয়ের পর মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখী জীবন কামনা করা হয়।
মতবিনিময়: বিশ্ব ইজতেমার জন্য সরকারিভাবে বরাদ্দ করা জমি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বেদখল হওয়া নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে গতকাল বেলা তিনটায় তাবলিগের কয়েকজন মুরব্বি মতবিনিময় করেন। তাঁরা জানান, সরকারিভাবে বরাদ্দ করা ১৬০ একর জমির প্রায় ২৫ একর বিভিন্ন প্রতিষ্ঠান বেদখল করে আছে। প্রতিবছর ইজতেমার পরিসর বৃদ্ধি পাচ্ছে। মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে এসব বেদখল হওয়া জমি পুনরুদ্ধার করে ইজতেমার মাঠ সম্প্রসারণ করা প্রয়োজন।
তিনটি হোটেলকে জরিমানা: স্বাস্থ্যকর খাবার পরিবেশন না করায় খাদ্যদ্রব্য আইনে তিনটি হোটেলকে এক লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের জেলা নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের তিনটি দল পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
তিন মুসল্লির মৃত্যু: টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় আহত হন চাঁপাইনবাবগঞ্জের আবদুর রহমান (৬০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি জানান, এ ছাড়া গত শুক্রবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে লোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রাজনগর গ্রামের নূর মোহাম্মদ (৭০) ও ঢাকার মিরপুর-২ এলাকার মুজিবুর রহমান (৫৫) মারা যান। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে নয়জন মুসল্লির মৃত্যু হলো।
খাদ্যসামগ্রী বিতরণ: একটি বেসরকারি প্রতিষ্ঠান গতকাল সকাল থেকে মুসল্লিদের মধ্যে শুকনা খাবার বিতরণ করে। এর মধ্যে রয়েছে মুড়ি, খেজুরের পাটালি গুড় ও বোতলজাত পানি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব ইজতেমা সফলভাবে এগিয়ে চলেছে। আশা করছি, আল্লাহর রহমতে আখেরি মোনাজাত নির্বিঘ্নেই সম্পন্ন হবে।’