আখেরি মোনাজাত কাল, মালয়েশীয়সহ আরও ২ মুসল্লির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিরা ফজরের নামাজের পর যাঁর যাঁর খিত্তায় অবস্থান নিচ্ছেন। ছবিটি আজ শনিবার ভোরে তোলা হয়েছে। ছবি: মাসুদ রানা
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিরা ফজরের নামাজের পর যাঁর যাঁর খিত্তায় অবস্থান নিচ্ছেন। ছবিটি আজ শনিবার ভোরে তোলা হয়েছে। ছবি: মাসুদ রানা

ঘন কুয়াশার কারণে আজ শনিবার শামিয়ানার নিচে অবস্থান করেই ধর্মীয় বয়ান শুনছেন ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। চলাফেরা কম করছেন। টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। কাল রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। আয়োজক কমিটির এক বৈঠকে আগামী বছরের ১১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক মালয়েশীয় নাগরিকসহ দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুদিনে চারজন মুসল্লি মারা গেলেন।

ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লি আজ সকাল থেকে শামিয়ানার নিচে অবস্থান করে ইসলামের আমল, আকিদা ও করণীয় বিষয়ে জ্যেষ্ঠ মুরব্বি মোশাররফ হোসেনের বয়ান শুনছেন। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫০টি দেশের আট হাজার বিদেশি মুসল্লি অংশ নিচ্ছেন। অন্যদিকে, দেশের ১৪টি জেলার কয়েক লাখ মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতের প্রস্তুতি
কাল আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। রেলওয়ে বিভাগ কাল আখেরি মোনাজাতের বাড়তি মুসল্লি সামলাতে টঙ্গী স্টেশনে অতিরিক্ত ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা নিয়েছে।

আখেরি মোনাজাত উপলক্ষে আজ মধ্যরাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মীরেরবাজার থেকে আবদুল্লাহপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আবদুল্লাহপুর এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাস থেকে উত্তরা পর্যন্ত সাধারণ যান চলাচল সীমিত রাখা হবে।

ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে।

আগামী বছর ইজতেমা শুরু ১১ জানুয়ারি
গতকাল দিবাগত রাতে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির এক বৈঠকে ২০১৯ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য গিয়াস উদ্দীন প্রথম আলোকে জানান, ২০১৯ সালের ১১ থেকে ১৩ জানুয়ারির পর্যন্ত প্রথম পর্ব এবং ১৮ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

আরও দুই মুসল্লির মৃত্যু
ইজতেমাস্থলে গতকাল এক মালয়েশীয় নাগরিকসহ মারা গেছেন দুই মুসল্লি। এর আগের দিন গত বৃহস্পতিবার ইজতেমায় যোগ দিতে এসে মারা যান দুই মুসল্লি। এর মধ্যে একজন শ্বাসকষ্টজনিত রোগে ভুগে এবং অপরজন ইজতেমা স্থলের উদ্দেশে আসার সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় মারা যান।

গতকাল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান মালয়েশিয়ার নাগরিক নুরহান বিন আবদুর রহমান (৫২)। গতকাল রাতে অজু করার পর নামাজের প্রস্তুতি নিতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। পরে তাঁকে ইজতেমার লোকজন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রেজাউল হক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

এ ছাড়া গতকাল রফিকুল ইসলাম (৫০) নামের আরেক মুসল্লি মারা যান। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চরবাইতা গ্রামের বাসিন্দা।

বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী জানান, রফিকুল ইসলাম গতকাল রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত রোগে ভুগে আজিজুল হক (৬০) নামের এক মুসল্লি মারা যান। আর টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আবদুল মামুন (৩৩) নামের এক মুসল্লি গাড়িচাপায় মারা যান।