আখেরি মোনাজাত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর তুরাগতীরে আজ রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের একাংশ। ছবি: ফোকাস বাংলা
টঙ্গীর তুরাগতীরে আজ রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের একাংশ। ছবি: ফোকাস বাংলা

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন লাখো মুসল্লি।

আখেরি মোনাজাত পরিচালনা করছেন ভারতের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সা’দ। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন তিনি।

মোনাজাতে অংশ নিতে আজ ভোর থেকে লাখো মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে আসেন। মুসল্লিদের আগমনে টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন। জানাচ্ছেন পাপ থেকে মুক্তির মিনতি।

মুসল্লিরা জানিয়েছেন, ইজতেমার শিক্ষা তাঁরা ছড়িয়ে দেবেন। ব্যক্তি ও সমাজজীবনে তা কাজে লাগাবেন।


আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানিয়েছেন, সব ধরনের নাশকতার বিষয় বিবেচনায় রেখে ইজতেমা ময়দানে এবার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে নিয়োজিত আছেন। তাঁরা মুসল্লিদের ঘরে ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।


মাঝে চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।